Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeজাতীয়আওয়ামী লীগের বিচার দাবিতে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ

আওয়ামী লীগের বিচার দাবিতে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গতকাল গুলিস্তানে জড়ো হওয়ার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এর প্রতিক্রিয়ায় বিক্ষোভের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের আহ্বানে বিক্ষোভ পালিত হয় রাজধানীতে, বিক্ষোভ হয় চট্টগ্রামেও। ঢাকা ও চট্টগ্রামে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। তবে কর্মসূচি ঘোষণা দিলেও মাঠে দেখা যায়নি আওয়ামী লীগের নেতাকর্মীদের।

শহীদ নূর হোসেন দিবস পালনের জন্য সারা দেশ থেকে নেতাকর্মীদের রাজধানীর জিরো পয়েন্টে সমবেত হওয়ার আহ্বান জানানো হয় আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে। তবে তাদের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে জিরো পয়েন্টে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের ডাকে সাড়া দিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মতের নেতাকর্মীরাও। শনিবার রাত থেকেই নূর হোসেন চত্বর নামে পরিচিত জিরো পয়েন্টে জড়ো হয়ে আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দেখা গেছে তাদের। সমাবেশে জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবি করা হয়।

আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করার পর শনিবারই প্রধান উপদেষ্টার প্রেস সচিব সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। বাংলাদেশে এ ফ্যাসিস্ট দলকে বিক্ষোভ করতে দেয়ার কোনো সুযোগ নেই।’

আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘জিরো পয়েন্ট তো দূরের কথা, এর আশপাশের কয়েক কিলোমিটারের মধ্যেও গুজব লীগ যেন নামতে না পারে। কোনো জায়গায় বিন্দুমাত্র গুজবের চেষ্টাও যদি তারা করে, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিচার যতদিন নিশ্চিত না হয়, ততদিন তাদের প্রকাশ্যে আসার কোনো অধিকার নেই।’

কর্মসূচি পালন করা হয়েছে চট্টগ্রামেও। বিকালে নগরীর চকবাজার প্যারেড কর্নারে গণজমায়েতের পর মিছিল শুরু হয়। সমাবেশে অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘স্বৈরাচারের দোসররা বাংলার মাটিতে এখনো ঘুরে বেড়াচ্ছে। দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।’

এদিকে শহীদ নূর হোসেন দিবসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

[ Disclaimer: You may visit the news source: https://bonikbarta.net/]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর