Beta Ver. 0.04
Sunday, September 13, 2026
Homeজাতীয়উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন

উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন

শপথ নিলেন শেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরো তিনজন। গতকাল নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ তিনজনকে নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়াল ২৪-এ।

নতুন উপদেষ্টাদের মধ্যে শেখ বশির উদ্দিনকে দেয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ও সামলাবেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকীকে দেয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপনে মাহফুজ আলমের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

বঙ্গভবনে তিন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা উপস্থিত ছিলেন।

নতুন উপদেষ্টাদের মধ্যে শেখ বশির উদ্দিন প্রায় দেড় যুগ ধরে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা শেখ আকিজ উদ্দিন ছিলেন একজন শিল্পোদ্যোক্তা ও আকিজ গ্রুপের কর্ণধার। আকিজ বশির গ্রুপ বর্তমানে ১৮টি অঙ্গপ্রতিষ্ঠান নিয়ে একটি বহুমুখী গ্রুপ পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে সিরামিকস, টেবিলওয়্যার, বাথওয়্যার, জুট, পার্টিকেল বোর্ড, ডোরস, প্যাকেজিং ও গ্লাস কারখানা। শিল্প গ্রুপটি ২৫টির বেশি দেশে পণ্য রফতানি করে।

আরেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রায় আড়াই দশক ধরে চলচ্চিত্র ও টিভি নাটক নির্মাণে সম্পৃক্ত। তার বানানো চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা ও ‘ডুব’ উল্লেখযোগ্য।

উপদেষ্টা হিসেবে শপথ নেয়া মাহফুজ আলম এতদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্রশক্তির ‘তাত্ত্বিক নেতা’ হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এর তিনদিন পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার। ১৭ জনের মধ্যে প্রধান উপদেষ্টাসহ ১৪ জন শপথ নেন ৮ আগস্ট। বাকি তিনজন শপথ নেন ১১ ও ১৩ আগস্ট। এরপর ১৬ আগস্ট উপদেষ্টা পরিষদে যুক্ত হন আরো চারজন। ওইদিন শপথ নেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান। তাদের নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়ায় ২১ জনে। গতকালের তিনজন নিয়ে সে সংখ্যা বেড়ে হলো ২৪।

এদিকে গতকাল বেশ কয়েকজন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এতদিন অন্য দুই মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সামলাতেন। এখন তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সালেহউদ্দিন আহমেদ এতদিন অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। এখন তিনি শুধু অর্থ মন্ত্রণালয় সামলাবেন।

পরিবর্তন এসেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। উপদেষ্টা হাসান আরিফ এত দিন এ মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয় সামলাতেন। এখন থেকে তিনি ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এতদিন ছিল প্রধান উপদেষ্টার হাতে। এখন হাসান আরিফ এ মন্ত্রণালয়ের দায়িত্বে আসায় প্রধান উপদেষ্টার হাতে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এখন গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সামলাবেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এতদিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও সামলে এসেছেন। এখন এ মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এম সাখাওয়াত হোসেন এখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি আগের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন। এতদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

[ Disclaimer: You may visit the news source: https://bonikbarta.net/]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর