ইউক্রেনে ২০২৪ মৌসুমের প্রায় ৯১ দশমিক ২ শতাংশ শস্য আহরণ সম্পন্ন হয়েছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত মোট ৪ কোটি ৮০ লাখ টন শস্য মাঠ থেকে তোলা হয়েছে। সম্প্রতি ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।
প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত আহরণকৃত শস্যের মধ্যে রয়েছে ২ কোটি ২৩ লাখ টন গম, ৫৬ লাখ টন বার্লি, ৪ লাখ ৭০ হাজার ৪০০ টন মটর ও ১ কোটি ৮৩ লাখ টন ভুট্টা।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, একই সময়ে ৯৬ লাখ টন সূর্যমুখী, ৩৫ লাখ টন রেপসিড ও ৫৭ লাখ টন সয়াবিনও আহরণ করা হয়েছে।
ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাস বলছে, ২০২৪ সালে দেশটিতে প্রায় ২ কোটি ৫০ লাখ টন ভুট্টা ও ২ কোটি ২০ লাখ টন গম উৎপাদন হতে পারে। চলতি বছর মোট শস্য উৎপাদন প্রায় ৫ কোটি ৪০ লাখ টন ও তেলবীজসহ মোট উৎপাদন প্রায় ৭ কোটি ৭০ লাখ টনে পৌঁছতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) জানিয়েছে, ইউক্রেন থেকে ২০২৪-২৫ বিপণন বর্ষে শস্য রফতানি উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। এফএএস জানায়, ইউক্রেন থেকে ২০২৪-২৫ বিপণন বর্ষে ভুট্টা রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ কমে যেতে পারে। এ সময় পণ্যটির মোট রফতানি পৌঁছতে পারে ১ কোটি ৭৮ লাখ টনে। এছাড়া ২০২৪-২৫ বিপণন বর্ষে গম রফতানি ১৮ শতাংশ কমে ১ কোটি ৫২ লাখ টনে নেমে যেতে পারে। যব রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমে ২০ লাখ টন হতে পারে।
[ Disclaimer: You may visit the news source: https://bonikbarta.com/]

