শিল্প ও গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান দেশের শিল্প উন্নয়নে কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে, সেগুলো দূর করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর গুলশানে একটি হোটেলে গতকাল অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্প উপদেষ্টা এ কথা জানান।
‘কোরিয়া-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা’ শীর্ষক এ সেমিনারে দুই দেশের মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিদেশী কোম্পানিগুলোর সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) ও কোরিয়ান দূতাবাস যৌথভাবে এর আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আমরা পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছি। বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক রয়েছে। আমি কোরিয়ার ব্যবসায়ীদের এ দেশে আরো বিনিয়োগের আহ্বান জানাই।’ কোরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) এবং কৌশলগত সম্পর্ক উন্নয়নে সরকার মনোযোগী হবে বলেও জানান তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (কোট্রা) মহাপরিচালক স্যামসো কিম। তিনি বলেন, ‘বাংলাদেশে অটোমোবাইল, জাহাজ নির্মাণ, ব্যাটারি রিসাইক্লিং, বৈদ্যুতিক গাড়ি তৈরিসহ কয়েকটি খাতে বিদেশী বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য এক দরজায় সেবা (ওএসএস) পুরোপুরি বাস্তবায়ন করা জরুরি।’
অনুষ্ঠানে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে বেশকিছু সমস্যার কথা তুলে ধরেন কোরিয়ার পোশাক কোম্পানি প্রাইম ক্যাপের (বিডি) ব্যবস্থাপনা পরিচালক সু মিন কো। ৩৫ বছর ধরে এ দেশে কাজ করার অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, ‘এখানে ব্যবসা ও বিনিয়োগের প্রক্রিয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ। পাশাপাশি অতিরিক্ত খরচ ও কম উৎপাদনশীলতার সমস্যাও রয়েছে।’
[ Disclaimer: You may visit the news source: https://bonikbarta.com/]

