Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeপ্রধান শিরোনামসিলেটে ৬ আসনে ৩৩ প্রার্থীর মধ্যে ২০ জনেরই জামানত বাজেয়াপ্ত

সিলেটে ৬ আসনে ৩৩ প্রার্থীর মধ্যে ২০ জনেরই জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬ আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে ২০ জনেরই মনোনয়ন বাজেয়াপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলমের ঘোষিত বেসরকারিভাবে সিলেটের ছয়টি আসনের ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।  

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, নির্বাচনে কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পান, তবে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে সিলেটের ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সিলেট-১ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৩৯। এ আসনে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ৪০ হাজার ৬৯২ ভোট। এ আসনে ছয়জন প্রার্থী এর নিচে ভোট পেয়ে তাদের জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন- ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান (২,৭০১ ভোট) , বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রণব জ্যোতি পাল (১,১৩৪ ভোট), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (৯০৮ ভোট), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঞ্জয় কান্ত দাস (৮০১ ভোট), গণঅধিকার পরিষদের আকমল হোসেন (৩১৪ ভোট) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. শামীম মিয়া (২৩৯ ভোট) ।

সিলেট-২ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৫০৭। এ আসনে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিলো ২০ হাজার ৫৬৩ ভোট। তিনজন প্রার্থী ২০ হাজার ৫৬৩ এর নিচে ভোট পেয়েছেন। তারা হলেন—জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (১,৪২০ ভোট) ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (১,৪০৮ ভোট) এবং গণফোরামের মো. মজিবুল হক (৬৩৭ ভোট)।

সিলেট-৩ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪ হাজার ৬৪৭। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৫ হাজার ৫৮১ ভোট। এ হিসেবে চারজন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর (২৯৭ ভোট) স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (৪,১৯৯ ভোট) জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (২,৬৩০ ভোট) এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (১,৩৯১ ভোট)।

সিলেট-৪ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৭০ হাজার ৫৬৫। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ৩৩ হাজার ৮২১ ভোট। এ আসনে তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (৫৬১ ভোট), ইসলামি আন্দোলন বাংলাদেশের মওলানা সাইদ আহমদ (২,৭১৪ ভোট) এবং জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম (১,৯৬৬ ভোট) ।

সিলেট-৫ আসনে ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৫১৮। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ভোট ছিল ২৬ হাজার ৪৩৯ ভোট। এ আসনে একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন (৩৭২ ভোট) জামানত হারিয়েছেন।

সিলেট-৬ আসনে মোট ভোটের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৯৬। জামানত রক্ষায় প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৬২ ভোট। এর নিচে ভোট পেয়ে তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (১,৩৮৬ ভোট) জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল নূর (১,১৭০ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (২৩,৮৪৬ ভোট)।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে সিলেট-১ আসনে আটজন, সিলেট আসনে পাঁচজন, সিলেট-৩ আসনে ছয়জন, সিলেট-৪ আসনে পাঁচজন, সিলেট-৫ আসনে চারজন ও সিলেট-৬ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

[Disclaimer: You may visit the news source-www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর