দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিন নেতাকে বহিষ্কার করেছে।
রোববার (২৫ জানুয়ারি) বিএনপি ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— আলফাডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি খুশবুর রহমান খোকন, পৌর বিএনপির আরেক সহ-সভাপতি রেজাউল করিম রেজা এবং পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। বিষয়টি দলীয় ফোরামে পর্যালোচনা শেষে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এছাড়া দলের সব স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপির দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।”
[Disclaimer:You may visit the news source-www.dhakatimes24.com]

