উজবেকিস্তানের বুখারা অঞ্চলের ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য এবং ওষুধ আমদানির আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস গতকাল জানিয়েছে, গভর্নরের কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বুখারা অঞ্চলের গভর্নর জারিপভ বাতির কামিলোভিচের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সময় এ আহ্বান জানানো হয়।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের ওপর জোর দেন। পাশাপাশি এ সম্পর্ক আরো গভীর করার সম্ভাবনা তুলে ধরেন।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘বুখারা একটি প্রসিদ্ধ সিল্ক রোড কেন্দ্র হিসেবে দ্বিপক্ষীয় বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় ও পর্যটনকে শক্তিশালী করতে উল্লখযোগ্য অবদান রাখতে পারে।’
রাষ্ট্রদূত উল্লেখ করেন, বুখারার সম্মানিত স্থানগুলো যেমন ইমাম বুখারির জন্মস্থান এবং বাহাউদ্দিন নকশবন্দীর মাজার বাংলাদেশী পর্যটকদের কাছে অত্যন্ত আগ্রহের বিষয়।
তিনি বলেন, ‘একইভাবে বাংলাদেশের দর্শনীয় গন্তব্য যেমন কক্সবাজার, সুন্দরবন এবং হযরত শাহজালালের (রহ.) মাজার উজবেকিস্তানের পর্যটকদের আকৃষ্ট করতে পারে।’
রাষ্ট্রদূত বন্ধুত্ব ও মানুষে মানুষে সম্পর্ক জোরদারে বুখারার সঙ্গে বাংলাদেশের অনুরূপ একটি শহরের মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের প্রস্তাব করেন।
গভর্নর জারিপভ বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক, সাংস্কৃতিক ও পর্যটন সম্পর্ক বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত এবং উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন।
তিনি ভবিষ্যতে বুখারায় বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সফরের পরামর্শ দেন এবং একটি ‘সিস্টার সিটি’ প্রতিষ্ঠায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বুখারার টেক্সটাইল, কার্পেট এবং ফার্মাসিউটিক্যাল খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়।
[ Disclaimer: You may visit the news source:- https://bonikbarta.com/]
[ Disclaimer: You may visit the news source:- https://bonikbarta.com/]

