এক ছাত্রীকে হয়রানির অভিযোগে রাজধানীর ভিক্টর ক্লাসিক পরিবহনের ১২টি বাস থামিয়ে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের কাছে বাসগুলো থামানো হয়।
যৌন হয়রানির অভিযোগের বিষয়ে আজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দেন ফার্মেসি বিভাগের ওই ছাত্রী। অভিযোগ পেয়ে ভিক্টর ক্লাসিকের বাস মালিকদের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
অভিযোগ দেওয়া ছাত্রী বলেন, ‘গত ১৪ অক্টোবর নতুনবাজার থেকে সদরঘাট যাওয়ার জন্য ভিক্টর ক্লাসিক বাসে উঠি আমার ছোট বোনসহ। আমি সম্পূর্ণ ভাড়া প্রদান করলেও গুলিস্তান এসে বলে, বাস সদরঘাট যাবে না। পরবর্তীতে গুলিস্তান থেকে সদরঘাট আসার ভাড়ার টাকা চাইলে বাসের হেল্পার আমাকে হেনস্তা করা শুরু করে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলেও হেল্পার বলে, “ভাড়া ফেরত দিব না, কী করতে পার কর।’ এ ছাড়া বিভিন্ন হয়রানিমূলক কথা বলে।’
ওই ছাত্রী আরও বলেন, ‘গতকাল স্ট্যামর্ফোড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দেওয়া যৌন হয়রানির একটি পোস্ট দেখে আমরা সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করি এবং আজকে এসে অভিযোগ করেছি।’
বাস থামিয়ে দেওয়ার খবর পেয়ে ভিক্টর ক্লাসিকের মালিকপক্ষ থেকে মোহাম্মদ দুলাল, শাহ আলম গোপালসহ অনেকই বিশ্ববিদ্যালয়ে আসেন। তাদের ঘটনার বিষয়ে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তারা প্রক্টর বরাবর তিন দিনের সময় নিয়ে একটি মুচলেকা দেন।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজ্জামুল হক বলেন, ‘মালিকপক্ষের সাথে আমরা কথা বলেছি। তাদেরকে তিন দিনের সময় দেওয়া হয়েছে। এর ভেতরের তারা ওই অভিযুক্ত হেল্পারকে হাজির না করলে ভিক্টর ক্লাসিকের সকল বাস বন্ধ করে দেওয়া হবে। ওই হেল্পারকে প্রশাসনিকভাবে আইনের আওতায় এনে বিচার করা হবে।’
[ Disclaimer: You may visit the news source- https://www.dainikamadershomoy.com]

