Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeপ্রধান শিরোনামবিনামূল্যে স্কুলড্রেস ও ওয়াই-ফাইসহ শিক্ষার্থীদের জন্য যা করবে বিএনপি

বিনামূল্যে স্কুলড্রেস ও ওয়াই-ফাইসহ শিক্ষার্থীদের জন্য যা করবে বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইশতেহারে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলড্রেস ও ওয়াই-ফাই সুবিধা, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করমুক্ত করা, তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা এবং স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষাসহ নানা প্রতিশ্রুতির কথা জানিয়েছে দলটি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ইশতেহারে ফ্রি ওয়াই-ফাই চালু সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা বাড়াতে স্কুল, কলেজ, ক্যাফে ও লাইব্রেরিতে ফ্রি ওয়াই-ফাই চালু করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কাজে সহায়তা করা হবে এবং ডিজিটাল বৈষম্য কমাতে ভূমিকা রাখবে।

পাশাপাশি ‘বিনামূল্যে স্কুলড্রেস’ প্রদান প্রসঙ্গে বলা হয়েছে, শিক্ষার্থীদের সরকারিভাবে বিনামূল্যে স্কুলড্রেস প্রদানের পরিকল্পনা রয়েছে বিএনপির।

উচ্চশিক্ষার ক্ষেত্রে বিএনপি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে করমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এ বিষয়ে বলা হয়, বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় ১৯৯১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হওয়ার পর দেশের উচ্চশিক্ষা সম্প্রসারণে এসব বিশ্ববিদ্যালয় অসামান্য অবদান রেখে আসছে। এতে একদিকে বিদেশে ব্রেন ড্রেন রোধ হচ্ছে, অন্যদিকে বিদেশি মুদ্রা সাশ্রয় ও দেশীয় প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা সম্প্রসারণের স্বার্থে এসব প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদান করমুক্ত করা হবে।

শিক্ষার গুণগত মান বাড়াতে বিএনপি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা ব্যবস্থা চালুর কথা জানিয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্য উন্নয়ন (পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট), পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করা হবে।

ইশতেহারে তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশে ও বিদেশে কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, জাপানি, কোরিয়ান, ইতালিয়ান, ম্যান্ডারিনসহ বিভিন্ন তৃতীয় ভাষা মাধ্যমিক পর্যায় থেকে চালু করা হবে।

জনবহুল দেশটির শিক্ষিত জনগোষ্ঠী যেন বেকার না থাকে, সে লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। সিলেবাস এমনভাবে প্রণয়ন করা হবে, যাতে কোনো শিক্ষার্থী এসএসসি বা এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেই আত্মকর্মসংস্থানের সুযোগ পায়।

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ইশতেহারে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ এবং পর্যায়ক্রমে প্রান্তিক ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ চালুর উদ্যোগের কথা বলা হয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ, বিশেষ শিক্ষা ব্যবস্থা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

দেশকে সবুজায়নের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বিএনপি। এর আওতায় প্রতিবছর দেশের প্রতিটি শিশুকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে।

শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকাশে স্বেচ্ছাভিত্তিতে পোষ্য প্রাণী পালনে উৎসাহিত করার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে। পঞ্চম বা ষষ্ঠ শ্রেণি থেকে ছোট ছোট টিম গঠন করে এটি বাস্তবায়ন করা হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন ও লাইব্রেরি সংকট নিরসনে জরুরি উদ্যোগ নেওয়া হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত এবং ছেলেদের জন্য স্নাতক ও সমপর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা হবে। পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত কমনরুম এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ বিশেষ ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

[Disclaimer: You may visit the news source-www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর