Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeপ্রধান শিরোনামমুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জুলাইযোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠনের অঙ্গীকার বিএনপি

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জুলাইযোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠনের অঙ্গীকার বিএনপি

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং জুলাই শহিদের নামে স্থাপনার নামকরণ ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ গঠনের অঙ্গীকার করেছে বিএনপি। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এই অঙ্গীকার তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা প্রণয়ন করা হবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান নিশ্চিত করা হবে। শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি এবং এই ভাতা ব্যবস্থাপনাকে দুর্নীতি ও ত্রুটিমুক্ত করা হবে।

তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করেছিল। শিক্ষা কারিকুলামে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করা হবে এবং – প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রতিষ্ঠিত ব্যবসায়িক ও শিল্প প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় যোগ্য ও দক্ষ মুক্তিযোদ্ধাদের = অগ্রাধিকার দেওয়া হবে।

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের বিষয়ে বলেন, দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি ও গণকবর চিহ্নিত করে সেসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও সংরক্ষণ করা হবে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে এবং ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সব শহিদের তালিকা প্রস্তুত করে নিজ-নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। শহিদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে। গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহিদদের সার্বিক সহায়তা প্রদান: গণ-অভ্যুত্থানে ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে-সব গণতন্ত্রকামী ব্যক্তি পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন তাদেরকেও স্বীকৃতি, সুচিকিৎসা ও কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হবে।

তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবার ও যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি আলাদা বিভাগ প্রতিষ্ঠা করা হবে। এই বিভাগ শহিদ ও আহতদের দায়েরকৃত মামলার বিচার দ্রুততর করা, সম্মানজনক জীবিকা এবং তাদের অসহায় সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবে। এই বিভাগে শহিদ পরিবারের সদস্য ও আহতদের মধ্য থেকে যোগ্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

[Disclaimer: You may visit the news source-www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর