দিনাজপুরের ফুলবাড়ীতে ২৬টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ২৪ জন স্বাস্থ্যকর্মী আট মাস ধরে বেতন পাচ্ছেন না। গত বছরের জুলাই থেকে তাদের বেতন বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন।বুধবার (১২ মার্চ) উপজেলার বিভিন্ন ক্লিনিকে গিয়ে দেখা যায়, বেতন না পেলেও এসব স্বাস্থ্যকর্মীরা রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যকর্মীরা জানায়, ২০১১ সালে স্বাস্থ্য বিভাগের একটি প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালে প্রকল্পের মেয়াদ শেষ হলেও তিন দফায় মেয়াদ বাড়ানো হয়। তবে বেতন বাড়ানো হয়নি। গত বছরের জুলাই থেকে বেতন সম্পূর্ণ বন্ধ রয়েছে।এ অবস্থায় বেতসহ কিছু দাবিতে আন্দোলনে নামে দেশের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডাররা (সিএইচসিপি)। আন্দোলনের এক পর্যায়ে আশ্বাস পেলেও এখন অব্দিও তারা কোন বেতন ভাতা পান নি। এর ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন এসব স্বাস্থ্যকর্মীরা।নন্দলালপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী কানিজ ফাতেমা বলেন, “বেতন বন্ধ থাকায় ধার-দেনা করে সংসার চালাতে হচ্ছে। এখন কেউ ধার দিতেও চাইছে না।”উপজেলার রাঙামাটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী মাজহারুল ইসলাম বলেন, “নিত্যপণ্যের দাম বাড়ছে, অথচ আমরা আট মাস ধরে বেতন পাচ্ছি না। পরিবার নিয়ে খুব কষ্টে আছি।”এ বিষয়ে, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, “উপজেলার ২৬টি ক্লিনিকে ২৪ জন সিএইচসিপি কর্মরত আছেন। একজন চাকরি ছেড়েছেন, একজন মারা গেছেন। তাদের বেতন বন্ধ থাকার বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত জানাচ্ছি।”
[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

