Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeজাতীয়নিজেরা যদি বিনিয়োগ না করেন তাহলে বিদেশীরা বিনিয়োগ করবে না

নিজেরা যদি বিনিয়োগ না করেন তাহলে বিদেশীরা বিনিয়োগ করবে না

আমাকে উপদেষ্টা হওয়ার আহ্বান জানানো হলে আমি বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সঙ্গে কথা বলি। কারো কাছ থেকে হ্যাঁ শুনিনি। যাওয়ার পক্ষে বেশি যুক্তির চেয়ে না যাওয়ার পক্ষে যুক্তি দেখাচ্ছিল তারা। আমি এতদিন যে আকিজবশির গ্রুপে কাজ করছিলাম সেখানে মোটামুটি ২৬-২৭ হাজার কর্মী রয়েছে। নিরাপদ ব্যবসা ছেড়ে বিভিন্ন দিক থেকে এত বড় চ্যালেঞ্জিং দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত আমার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু আমি এটা ভেবেছি। হাজার দুয়েক মানুষ প্রাণ দিল এবং কতজন আহত হলো তা আমরা এখনো জানি না। এত মানুষ হতাহত হলো—একটা বড় পরিবর্তনের আশায়। এ সরকারের বৈধতা গণ-অভ্যুত্থানের মধ্যে। আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে পনেরো বছরের জটিল সমস্যাগুলো কাটবে না। স্তরে স্তরে ক্রিমিনালাইজেশন ছিল এবং মানুষের পারস্পরিক সম্পর্কের জায়গাগুলোও রাজনৈতিকীকরণের মধ্যে পড়েছিল। একবার কোনো এক অনুষ্ঠানে রাজনীতিবিদ জোনায়েদ সাকির সঙ্গে হ্যান্ডশেক করেছিলাম। তখন আশপাশে দেখছিলাম কেউ ছবি তুলছে কিনা, কেউ কিছু মনে করছে কিনা! আজকে আমরা এখানে একত্র হয়েছি, দ্বিমত পোষণ করতে পারছি, সমালোচনা করতে পারছি; এটাও পরিবর্তন। আমি মনে করি এ পরিবর্তিত সংস্কৃতি আমাদের সক্ষম করে তুলবে।

  • সরকারি দায়িত্বে আমার কোনো অভিজ্ঞতা নেই। ব্যক্তি খাতের মানুষ হিসেবে ইমপ্লিমেন্টেশন আমার দক্ষতার জায়গা। আমি আপনাদের বলতে পারি, আমার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ত্যাগ করেছি। যাতে আপনাদের সবার প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি। ব্যবসায়ী সমাজের অনেক কষ্টের জায়গা, হতাশার জায়গা নিয়ে কথা শুনলাম। আপনাদের সমাজের অংশ হিসেবে আমি এগুলো জানি। কস্ট অব ডুয়িং বিজনেস (ব্যবসার পরিচালন ব্যয়) বলেন, পরিবহন ব্যয় বলেন সব জায়গায়ই ব্যয় বেড়ে গেছে। কৃষি ব্যবসার সঙ্গে জড়িতদের কাছ শুনলাম তাদের কষ্টের কথা। কীভাবে সরকারি অনেক রেগুলেশন তাদের ব্যবসার জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।
  • সবকিছু যেভাবে ক্রিমিনালাইজ করা হয়েছে তাতে মনে হয় যদি একটা ক্রিমিনাল ইউনিভার্সিটি করা হয় সেখানে ভিসি পদ পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এটা খুবই দুঃখের ব্যাপার। এজন্য রাজনীতিবিদদের দায় সবচেয়ে বেশি। আবার রাজনীতির যে ব্যবসায়ীকরণ করা হয়েছে তাতে কখনো কখনো নিজেকে ব্যবসায়ী পরিচয় দিতে লজ্জা লাগে। আমাদের কাছে মনে হয়েছে যে ব্যবসায়ীদের ব্যবস্থাপনা দক্ষতা ভালো। আমরা দেখেছি রাজনীতিকে কীভাবে রাজনীতিবিদদের কাছ থেকে নিয়ে ব্যবসায়ীদের কাছে দিয়ে দেয়া হয়েছে, যারা ছিল প্রকৃতপক্ষে একদল অপরাধী। তাদের কারণে ব্যবসায়ীদের সম্মান ক্ষুণ্ন হয়েছে।
  • গত কয়েক বছরে যে বিনিয়োগগুলো হয়েছে সেগুলোর বেশির ভাগই হয়েছে শীর্ষ পদের রেফারেন্সে। এলপিজিতে বেশি টাকা আছে? আরো কিছু এলপিজি প্লান্ট করে ফেলি। ব্যাংকের ক্ষেত্রেও এটা সত্য। নতুন অনেকগুলো ব্যাংক এসেছে শীর্ষ পদের নির্দেশ বা সুপারিশে। অর্থনীতির গুণগত পরিবর্তনের চেয়ে কীভাবে লুটপাট করা যায় তারই বন্দোবস্ত ছিল সেটা। জুলাইয়ে রাস্তায় মানুষের নেমে আসা অনিবার্য ছিল।
  • আপনাদের সবার প্রতি আমার পুরোপুরি আস্থা ও আত্মবিশ্বাস রয়েছে। মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আমি দেশব্যাপী ঘুরে বেড়াব। আমার যতটুকু সক্ষমতা আছে, সেটি দিয়ে আমি ব্যবসার পরিচালন ব্যয় (কস্ট অব ডুয়িং বিজনেস) কমানোর চেষ্টা করব। এক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে আপনারাও অংশগ্রহণ করুন। আপনাদের যা প্রয়োজন, সেটি করাই আমার দায়িত্ব। আপনাদেরও আপনাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি অনেক দায়িত্ব আছে। অনেক মানুষ আপনাদের ওপর নির্ভর করে।
  • সুদহার নিয়ে ব্যবসায়ী সমাজ থেকে অনেক অভিযোগ উঠেছে। আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, এ ব্যাপারে আপনাদের সঙ্গে আমি একমত নই। দীর্ঘদিন ধরে যে নয়-ছয় সুদের হার ছিল সেটা তো ব্যবসায়ীদের প্ররোচনায় বা চাপেই করা হয়েছিল। কথায় আছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) কোনো হোটেলে বসে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি ঠিক করে দিত। এর পরিণতি কি ব্যবসায়ী সমাজকে ভোগ করতে হবে না? সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন অবশ্য আমাদের বেশ আশাবাদের কথা শুনিয়েছেন, যে যা পতন হওয়ার হয়ে গেছে, আর হবে না।
  • ব্যবসায়ী সমাজকে মাথায় রাখতে হবে স্রষ্টা আমাদের অনেক সম্পদ দিয়েছেন, একই সঙ্গে অনেক দায়ও দিয়েছেন। আপনারা যে পণ্য ও সেবা বিক্রি করছেন তা সহজলভ্য করার চেষ্টা করুন। আমাদের ব্যবসা সম্প্রসারিত হবে। যেভাবে অর্থ পাচার হয়েছে তাতে দেশে বিনিয়োগ করা জরুরি হয়ে পড়েছে। আপনারা নিজেরা যদি বিনিয়োগ না করেন তাহলে বিদেশীরা বিনিয়োগ করবে না। কয়েক বছর ধরেই দেদার টাকা পাচার হয়েছে। এমনকি শুনেছি ৫ আগস্টও অর্থ পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যক্তিগত অনেক অ্যাকাউন্টের টাকা পাচার হয়েছে। অর্থ পাচারের একটি ইন্ডাস্ট্রি রূপ নিয়েছিল।

আমি আমার ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ করব, মানুষের জন্য আমাদের যার যার সক্ষমতায় এগিয়ে আসতে হবে। বৈদেশিক বিনিয়োগের কথা অনেকেই বলছেন। যদি আমি নিজের বাড়িতে না খাই তাহলে মেহমান কী খাবে? নিজে আমরা আগে বিনিয়োগ করি, তাহলে বিদেশীরাও আস্থা পাবে। বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কী কী করণীয় সে ব্যাপারে আলোচনার জন্য আমার অফিস সবসময় আপনাদের জন্য অবারিত থাকবে। আপনাদের ব্যবসায় গতিশীলতা আনতে কোন জায়গায় হাত দিতে হবে আমাকে জানান। আমি আবারো বলছি, আমার নিজের কোনো ব্যবসা নেই এখন আর। আপনাদের ব্যবসার সার্বিক মঙ্গলের দায়িত্ব এখন আমার কাঁধে। যেসব মানুষ প্রাণ দিল, পঙ্গুত্ব বরণ করল তাদের দিকে তাকিয়ে চলেন আমরা ভালো কিছু করি।

[Disclaimer: You may visit the news source: https://bonikbarta.net/]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর