হজের টাকা ফেরত প্রতারক চক্র হতে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রবিবার মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজের টাকা ফেরত দেওয়ার নাম করে ওই চক্র হজযাত্রী,হজ এজেন্সির মালিক, প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদ ইত্যাদির তথ্য চাইছে। ধর্ম মন্ত্রণালয় থেকে হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের অর্থ ফেরত (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে ‘বিইএফটিএন’ বা চেকের মাধ্যমে পাঠানো হয়। ‘এ জন্য কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না।
গত ৯ অক্টোবর ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘হজ শেষে যদি কোনো টাকা হাজি সাহেবদের ফেরত দেয়া হয়, তাহলে সেটা মন্ত্রণালয় যথাযথভাবে হাজি ও হজ এজেন্সির মাধ্যমে পরিশোধ করে। এ ছাড়া বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধন বাতিল করলে সংশ্লিষ্ট ব্যক্তি টাকা ফেরত পান। সেটাও দেয়া হয় চেকের মাধ্যমে।’
[ Disclaimer: You may visit the news source-https://www.dainikamadershomoy.com/]

