Beta Ver. 0.04
Tuesday, October 27, 2026
Homeবাণিজ্য-অর্থনীতি১৫ বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করছে বাংলাদেশ

১৫ বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করছে বাংলাদেশ

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ টানতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) ১৫টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।

কাতারের দোহায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) আয়োজনে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৬-এ বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে গিয়ে এ তথ্য জানানো হয়। রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইনভেস্ট বাংলাদেশ।

ফোরামের গ্লোবাল ইনভেস্টমেন্ট প্রমোশন কনফারেন্সের মন্ত্রিপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী। সেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলার অগ্রাধিকারগুলোকে কীভাবে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিবেশ, প্রয়োজনীয় অবকাঠামো এবং বাংলাদেশের জ্বালানি খাতের অগ্রাধিকার তুলে ধরেন তিনি।

বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের দায়িত্বে থাকা তিনটি সংস্থাকে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ গঠনের ফলে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগকারীরা কী সুবিধা পাবেন, প্যানেল আলোচনায় সে প্রশ্নও ওঠে। জবাবে আশিক চৌধুরী বিনিয়োগ উন্নয়নের বিভিন্ন কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করেন।

ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সেখানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগের পাশাপাশি জ্বালানি রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে সরকার ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশের পাইপলাইনে থাকা ১৫টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প পিপিপির ভিত্তিতে এগিয়ে নেওয়ার উদ্যোগকে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের অংশ হিসেবে দেখা হচ্ছে। এসব প্রকল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বাংলাদেশের জ্বালানি রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর