মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তাল পরিস্থিতির মাঝে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু বিশেষ কারণে দেশত্যাগ করতে পারেননি, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (২৫ মার্চ) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক যারা ভিজিট ভিসা, ওমরাহ ভিসা এবং ফাইনাল এক্সিট (খুরুজ নেহাই) ভিসায় গিয়ে আটকা পড়েছেন, তারা এই সুযোগের আওতায় থাকবেন। বিশেষ করে গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
আটকা পড়া প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর হলো, ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগ করলে কোনো প্রকার জরিমানা (ঘরামা) গুনতে হবে না। এমনকি ভিসার মেয়াদ বৃদ্ধির কোনো ঝামেলা ছাড়াই সরাসরি টিকিট কেটে বিমানবন্দরে গেলেই তারা দেশে ফেরার অনুমতি পাবেন।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিলের পর সৌদি আরবে অবস্থানের আর কোনো সুযোগ থাকবে না; নির্ধারিত সময়ের মধ্যে দেশত্যাগ না করলে পরবর্তীতে কঠোর আইনি জটিলতা ও শাস্তির মুখে পড়তে হতে পারে; যেকোনো দিন টিকিট সংগ্রহ করে সরাসরি বিমানবন্দরে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথ ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ যাত্রী ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সৌদি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

