বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে কমিশনের তিন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী নাহিদ মাহতাব, আর্থিক খাতের পেশাজীবী তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ-আল-তারিককে।
বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের নিয়োগ চূড়ান্ত করেছে। নতুন চেয়ারম্যান ও কমিশনাররা চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আজ বিকেল ৩টায় তারা বিএসইসির কার্যালয়ে যোগ দেবেন।
এর আগে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন পদত্যাগপত্র জমা দেন।
পুঁজিবাজারসংশ্লিষ্টরা বলছেন, নতুন নেতৃত্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, বাজারে সুশাসন নিশ্চিত করা এবং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা দূর করা।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী মাসুদ খানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করতে হবে। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে।
চার দশকের বেশি সময় ধরে করপোরেট ব্যবস্থাপনা, ফিন্যান্স ও সুশাসন বিষয়ে কাজ করা মাসুদ খান বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান এবং ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি দীর্ঘ ১৮ বছর লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে প্রায় দুই দশক দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক পদে কাজ করেছেন।
বর্তমানে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির স্বাধীন পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন।
মাসুদ খানের নিয়োগের পথ সুগম করতে সম্প্রতি বিএসইসি আইন সংশোধন করে চেয়ারম্যান পদে বয়সসীমার বাধ্যবাধকতা বাতিল করা হয়। গত ৩০ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধনী) বিল, ২০২৬’-এর মাধ্যমে আগের ৬৫ বছরের বয়সসীমা তুলে দেওয়া হয়। ফলে ৭১ বছর বয়সী এই করপোরেট নির্বাহীর বিএসইসির নেতৃত্বে আসার আইনি বাধা দূর হয়।
[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

