Beta Ver. 0.04
Friday, June 19, 2026
Homeআবহাওয়াদুপুরের মধ্যে দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

দুপুরের মধ্যে দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

দেশের ১২টি জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১০ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিন বা ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের বাকি এলাকাতেও বর্ষা ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ রয়েছে।

এই পরিস্থিতিতে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, বৃষ্টিপাতের কারণে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর