Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Postব্র্যাক ব্যাংকের ‘তারা উদ্যোক্তা ১০১ স্কেল-আপ সামিট’ অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংকের ‘তারা উদ্যোক্তা ১০১ স্কেল-আপ সামিট’ অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘তারা উদ্যোক্তা ১০১ স্কেল-আপ সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। নারী নেতৃত্বাধীন ব্যবসার সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়।

বুধবার (১৩ মে) ব্র্যাক ইউনিভার্সিটিতে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’র ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’র বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ২০২১ সালে শুরু হওয়া এ উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আর্থিক জ্ঞান এবং পণ্যের বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ৫শ’র বেশি নারী উদ্যোক্তা এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ পেয়েছেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহযোগিতায় প্রোগ্রামটি বাস্তবায়ন করা হচ্ছে।

সামিটে ইমপ্যাক্ট রিভিউ, নেটওয়ার্কিং, প্যানেল আলোচনা এবং নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎ স্কেল-আপ পরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীদের ব্যবসার আনুষ্ঠানিকীকরণ, আর্থিক শৃঙ্খলা, বাজার সম্প্রসারণ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের অগ্রগতিও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. এমআর কবির এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসি ড. এম এম নুরুল আবসারসহ বিশিষ্ট ব্যক্তিরা।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ব্যাপারে আমাদের ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন হলো এই প্রোগ্রামটি।

তিনি আরও বলেন, উদ্যোক্তা ১০১ শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা খাতের অংশীদারত্বের একটি আদর্শ উদাহরণ। ভবিষ্যতে সারাদেশের তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের কাছেও এর সুবিধা পৌঁছে দিতে আমরা কাজ করে যাব।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বাংলাদেশে নারী উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক ব্যাংকের প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই। উচ্চশিক্ষায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রীদের একটি বড় অংশ ভালো ফলাফলের ভিত্তিতে মাসিক দুই কোটি টাকার বৃত্তি পাচ্ছেন। তাদের মেধা, আন্তরিকতা ও উদ্যোগী মনোভাবকে আমরা সাধুবাদ জানাই।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এম এম নুরুল আবসার বলেন, ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় হিসেবে এই চমৎকার উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ব্র্যাক ব্যাংকের উদ্যোগে এই ধরনের মেন্টরিং প্রোগ্রাম দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, ব্র্যাক ব্যাংকের ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচি নারীদের ছোট ছোট স্বপ্নকে বড় সফলতায় রূপান্তর করতে সহায়তা করছে। 

সম্মেলনে এই উদ্যোগের সঙ্গে যুক্ত পার্টনার বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সম্মাননা স্মারক দেওয়া হয়। 

[Disclaimer: You may visit the news source- www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর