Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeবাণিজ্য-অর্থনীতিরবির বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি

রবির বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি

টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা পিএলসির আর্থিক প্রতিবেদন, স্বার্থগত দ্বন্দ্ব, সম্পর্কিত পক্ষের লেনদেন, সুশাসন ও তথ্য প্রকাশসংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা আদেশে তদন্তের পরিধি ও শর্তাবলি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে রবির ২০২০-২১ ও ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে পরিচালন ব্যয়কে অনুচিতভাবে মূলধনি ব্যয় হিসেবে দেখানোর অভিযোগ খতিয়ে দেখার কথা হয়েছে। এ ক্ষেত্রে এর পরিধি, সুবিধাভোগী ও আর্থিক প্রভাবের বিষয়টি তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। তা ছাড়া কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও অডিট কমিটির ভূমিকাও পর্যালোচনা করা হবে।

বিএসইসির তদন্তে থায়াপারান এস সাংগারাপিল্লাইয়ের রবি আজিয়াটার চেয়ারম্যান ও ইডটকো গ্রুপ এসডিএন বিএইচডির স্বতন্ত্র পরিচালক হিসেবে দ্বৈত ভূমিকার বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইডটকো গ্রুপের পরিচালক ছিলেন। এ সময় রবি ও ইডটকোর মধ্যে হওয়া লেনদেন, ইজারা চুক্তি ও শেয়ার হস্তান্তরের বিষয়টি পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে এসব লেনদেনের মাধ্যমে রবি আজিয়াটা থেকে আজিয়াটা গ্রুপ কিংবা এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর অনুকূলে কোনো অর্থ স্থানান্তর করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

রবি আজিয়াটার দুই স্বতন্ত্র পরিচালক আখতার সানজিদা কাশেম ও কামরান বকরের পদত্যাগের পেছনে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ করা হয়েছে কি না, সেটিও তদন্ত করার কথা জানিয়েছে বিএসইসি। এ ক্ষেত্রে এস সাংগারাপিল্লাইয়ের নেতৃত্বে অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার বিষয়টি অতীতে তার বিরুদ্ধে আসা অভিযোগের আলোকে পর্যালোচনা করে দেখা হবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ও তদন্ত কমিটি স্বাভাবিক ন্যায়বিচার, নিরপেক্ষতা ও বিনিয়োগকারীদের সুরক্ষাসংক্রান্ত নীতিমালা অনুসরণ করেছে কি না, সেটিও যাচাই করবে বিএসইসি।

রবি আজিয়াটার ২০২০-২১ ও ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে করপোরেট সুশাসন নীতিমালা অনুসারে গুরুত্বপূর্ণ তথ্য বাদ দেওয়া হয়েছে কি না, সেটিও তদন্তের সময় পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে বিএসইসি। এ ক্ষেত্রে সম্পর্কিত পক্ষের লেনদেন এবং গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য প্রকাশসংক্রান্ত বিধান অনুসরণ করা হয়েছে কি না, সেটি যাচাই করা হবে। তা ছাড়া কোম্পানিটির সর্বশেষ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের পক্ষ থেকে আইনি ও ফরেনসিক ব্যয় নিয়ে উত্থাপিত প্রশ্ন এবং কোম্পানির পক্ষ থেকে এর জবাব না দেওয়ার বিষয়টিও তদন্ত করা হবে। এর বাইরে প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ও তদন্তের আওতায় বলে বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে।

[Disclaimer: You may visit the news source-www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর