শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির ১ হাজার ২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসইসি।
বিএসইসি সূত্রে জানা গেছে, অনুমোদিত বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি পেইড আপ, ফুললি রিডিমেবল এবং কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড প্রকৃতির। বন্ডটির মেয়াদ হবে সাত বছর। এর কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেট বা বেঞ্চমার্ক রেটের সাথে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। এর সম্ভাব্য বিনিয়োগকারী হতে পারে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা, উচ্চ সম্পদশালী ব্যক্তি ((এইচএনআই) এবং মিউচুয়াল ফান্ডগুলো।
এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ সিটি ব্যাংক তাদের কর্পোরেট, রিটেইল এবং এসএমই খাতে ঋণ প্রদানের কাজে ব্যয় করবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। যৌথভাবে অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড ও আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, শেয়ারবাজারে লেনদেনের সুবিধার্থে বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হওয়ার শর্তে এই অনুমোদন দেওয়া হয়েছে।
[Disclaimer: You may visit the news source-www.dhakapost.com]

