ফ্যামিলি কার্ড নিয়ে কোনো দুর্নীতির সুযোগ নেই এবং এটি কোনোভাবেই দলীয়করণ হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জনগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পাইলট কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে বাঞ্ছারামপুর পৌর এলাকার ৮৬টি পরিবারের নারী প্রধানকে কার্ড দেওয়া হয়েছে। কার্ডের মাধ্যমে পরিবারগুলোর নারী প্রধানরা আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা পাবেন। দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানদের বাছাই করা হয়েছে।
মন্ত্রী জানান, কার্ডের টাকা ইতোমধ্যেই নারী প্রধানদের অ্যাকাউন্টে চলে গেছে এবং দুর্নীতির কোনো সুযোগ নেই। সরকার ধীরে ধীরে ফ্যামিলি কার্ড সুবিধা সব প্রান্তিক ও দরিদ্র পরিবারের কাছে পৌঁছে দিতে চাচ্ছে।
তিনি আরও বলেন, কিছু দল রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড বিতরণকে বিকৃত করে প্রচার করছে, যা অমূলক। জনগণের স্বার্থভিত্তিক কাজের মাধ্যমে আগামী দিনের রাজনীতি গড়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ প্রমুখ।
[Disclaimer: You may visit the news source- www.khaborerkagoj.com]

