দেশের সরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে অবকাঠামোগত উন্নয়ন এবং অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বুধবার (৪ মার্চ) আকস্মিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্ত্রী জানান, জনবল সংকট ও সক্ষমতার অতিরিক্ত রোগী থাকা সত্ত্বেও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সরকার কাজ শুরু করেছে।
তিনি জানান, ঢামেক হাসপাতালের অপারেশন থিয়েটারগুলোর (ওটি) বর্তমান অবস্থা আন্তর্জাতিক মানের তুলনায় পিছিয়ে আছে।
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘পর্যায়ক্রমে সব ওটি আধুনিকায়ন করা হবে যাতে রোগীরা উন্নত পরিবেশে অস্ত্রোপচার সেবা পান।’
হাসপাতালগুলোতে ট্রলি বাণিজ্য, রোগী ভর্তি নিয়ে অর্থ আদায় এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের লন্ড্রি ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী ঠিকাদারদের বিল কর্তন ও তদারকি বাড়ানোর নির্দেশ দেন। এ ছাড়া হাসপাতালে দর্শনার্থীদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করে শৃঙ্খলা ফেরানোর ওপর জোর দেন তিনি।
ঢাকার ওপর চাপ কমাতে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ট্রমা সেন্টারসহ বিশেষায়িত সেবা বাড়ানোর পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী, যাতে প্রান্তিক মানুষ নিজ এলাকাতেই উন্নত চিকিৎসা পায়।
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আমাদের সীমিত সম্পদ রয়েছে, কিন্তু সদিচ্ছার অভাব নেই। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই আমরা সমস্যাগুলো চিহ্নিত করছি। সাংবাদিক ও জনসাধারণের সহযোগিতায় আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।’
[Disclaimer: You may visit the news source-www.khaborerkagoj.com]

