ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসনের ফলাফল নিয়ে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিজয়ী প্রার্থীসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসাইনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি নির্বাচন কমিশনকে ওই আসনের রেজাল্টশিট, ব্যালটপেপারসহ সব নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা–১৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন আমিনুল হক। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন। ফলাফলে আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট, আর আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। ভোটে পরাজিত হলেও পরে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পান আমিনুল হক।
এর আগে বিভিন্ন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে ১৫টির বেশি নির্বাচনী আবেদন হাইকোর্টে জমা পড়ে। এসব আবেদনের শুনানির জন্য আদালত সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটপেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

