Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeবাণিজ্য-অর্থনীতিবাংলাদেশে প্রথম অরেঞ্জ বন্ড ইস্যুর অনুমোদন পেল সাজিদা ফাউন্ডেশন

বাংলাদেশে প্রথম অরেঞ্জ বন্ড ইস্যুর অনুমোদন পেল সাজিদা ফাউন্ডেশন

বাংলাদেশের প্রথম অরেঞ্জ বন্ড হিসেবে সাজিদা ফাউন্ডেশনের ১৮৫ কোটি ৫০ লাখ টাকার কর্পোরেট বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৩০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৬তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, অনুমোদিত বন্ডটি নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, আনসিকিউরড এবং অরেঞ্জ জিরো-কুপন বৈশিষ্ট্যের। বন্ডটির মেয়াদ হবে ২ থেকে ৩ বছর এবং এর ডিসকাউন্ট রেট নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ থেকে ১১.৫০ শতাংশের মধ্যে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যুর অনুমোদন পাওয়া এই বন্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরা বিনিয়োগ করতে পারবেন। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা।

সংস্থাটি জানায়, এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ সাজিদা ফাউন্ডেশন তাদের মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের পোর্টফোলিও শক্তিশালী ও সম্প্রসারণে ব্যবহার করবে। পাশাপাশি এ অর্থ বিশেষভাবে দেশের নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং পরিবেশবান্ধব উদ্যোগে বিনিয়োগে ব্যয় করা হবে।

এছাড়া বন্ডের অর্থ পরিবেশ ও সামাজিক মানদণ্ড মেনে ব্যবহার করা হবে—এ মর্মে ইমপেক্ট ইনভেসমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) থেকে সেকেন্ড পার্টি অপিনিয়ন (এসপিও) নেওয়া হয়েছে।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

বন্ডটি শেয়ারবাজারে লেনদেনের জন্য অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হওয়ার শর্তে অনুমোদন দেওয়া হয়েছে।

[Disclaimer:You may visit the news source- www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর