ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি যুদ্ধ শুরুর দিনেই পায়ে আঘাত পেয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিনেই তিনি এ আঘাত পান।
মুজতবা খামেনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির স্থলাভিষিক্ত হিসেবে গত রোববার ঘোষিত হয়েছেন। উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনেই আলী খামেনি নিহত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে হামলার সময় মুজতবা খামেনিও পায়ে আঘাত পান। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি এখন পর্যন্ত জনসমক্ষে বা ভিডিও বার্তায় উপস্থিত হননি।
এর আগেও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, যুদ্ধের সময় মুজতবা খামেনি আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতেও তাকে ‘জানবাজ’ বা শত্রুর হামলায় আহত যোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এত দিন তার আঘাতের ধরন বা গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

