বগুড়ার নন্দীগ্রামে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে মিলন রহমান (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিলন বুড়ইল গ্রামের দিলবরের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের শামিমের সঙ্গে মিলনের প্রতিবেশী নবীর শেখ নামে এক যুবকের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে ঘটনাস্থলের কাছে দাঁড়িয়ে ছিলেন।
অভিযোগ রয়েছে, পরে শামিম ৫ থেকে ৭টি মোটরসাইকেলে করে ১০ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। তারা মিলনের ওপর অতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

