বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকার ৮টি আসনে জনসভা করে এবারের নির্বাচনী প্রচারাভিযান শেষ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বাবা–মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন তিনি।
গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে বিএনপির নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। প্রায় ২০ দিনের এই প্রচারাভিযানের শেষ দিন সোমবার তিনি রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেন।
সোমবার দুপুরে বনানীতে নিজ নির্বাচনী এলাকায় জনসভা করে দিনের কর্মসূচি শুরু করেন তারেক রহমান। এরপর ঢাকা-১০, ঢাকা-৮সহ রাজধানীর মোট ৮টি আসনে ধারাবাহিক জনসভায় যোগ দেন তিনি।
দিনের কর্মসূচি শেষে রাতে তিনি শেরেবাংলা নগরে যান। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে কবর জিয়ারত করেন তিনি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এই ২০ দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি জনসভায় অংশ নেন তারেক রহমান। সিলেট সফরের সময় তিনি সিলেট ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের জনসভায় যোগ দেন।
ঢাকায় ফিরে ২৩ জানুয়ারি ভাষানটেকের বিআরবি মাঠে জনসভা করেন তিনি। পরবর্তী দিনগুলোতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরার জনসভায় অংশ নেন। উত্তরাঞ্চল সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তারেক রহমান।
রংপুর সফরের পথে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরেও জনসভা করেন। প্রচারের শেষ দুই দিনে ঢাকায় মোট ১৫টি জনসভায় অংশ নিয়ে সোমবার ঢাকার কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শেষ করেন বিএনপির চেয়ারম্যান।
[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

