ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গতকাল দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে মানুষের কাছে ধানের শীষে ভোট চান জাইমা।
পথচারী, রিকশাচালক, সিএনজি অটোরিকশাচালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিংমলে আসা ভোটারদের হাতে ধানের শীষের নির্বাচনী লিফলেটও বিতরণ করেন জাইমা রহমান। এছাড়া গুলশান এলাকার বিভিন্ন জায়গায় ধানের শীষে ভোট চান এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি।
ভোটারদের উদ্দেশে জাইমা রহমান বলেন, ‘আমার বাবা তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই। ধানের শীষে ভোট দিয়ে আমার বাবাকে জয়যুক্ত করুন।’
গণসংযোগে তাকে বিশেষ ধরনের লিফলেট বিতরণ করতে দেখা যায়। পরিবেশবান্ধব এসব লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান তিনি। নির্বাচনী বর্জ্য কমানো এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান জাইমা রহমান।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জাইমা রহমানকে স্বাগত জানান এবং প্রচারণা কার্যক্রমে অংশ নেন। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনে তারেক রহমানকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় জাইমা রহমানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা খাতুনকেও দেখা যায়।
অন্যদিকে রাজধানীর ভাসানটেকে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী জুবাইদা রহমান। গতকাল তিনি ঘটনাস্থলে গিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া-৬ আসন থেকেও নির্বাচন করছেন তিনি।
[Disclaimer: You may visit the news source- www.bonikbarta.com]

