মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুলিশ বাদী হয়ে ১৫১ ধারায় মামলা দায়েরের পর আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নড়িহাটী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাতবর তৈয়ব আলী মোল্লা গ্রুপ ও বদিয়ার লস্কর গ্রুপের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এলাকায় ব্যাপক পুলিশি অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম (পিপিএম) বলেন, সংঘর্ষের ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ২১ জনের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়েরের পর আজ (শুক্রবার) বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এ ধরনের সহিংসতা প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

