নীলফামারীর কিশোরগঞ্জে জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় এন্তাজুল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এন্তাজুল হক ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাহাগিলী ইউনিয়নের পাগলাটারি গ্রামের তাহেরের সঙ্গে এন্তাজুল হকের মেয়ের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত বৃহস্পতিবার বিকেলে তাহেরের স্ত্রী তার বাবার বাড়িতে চলে আসেন।পরে শুক্রবার দুপুরে তাহের তার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে আসেন। এ সময় এন্তাজুল হক ও তার ছেলে মেয়েকে নিয়ে যেতে বাধা দেন। একপর্যায়ে তাহের জোরপূর্বক স্ত্রীকে প্রাইভেট কারে তুলে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এন্তাজুল হক গাড়ির দরজা ধরে রাখলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে এন্তাজুল হক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

