Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Postপঞ্চগড়ে বিরল প্রজাতির সজারু উদ্ধার

পঞ্চগড়ে বিরল প্রজাতির সজারু উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রাম থেকে বিরল প্রজাতির একটি সজারু উদ্ধার করেছে বন বিভাগ। সজারুটির দৈর্ঘ্য প্রায় দেড় ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি।বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খবর পেয়ে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা সজারুটিকে উদ্ধার করে তেঁতুলিয়া ইকো পার্কে নিয়ে যান। আপাতত নিরাপদ হেফাজতে সেখানে রাখা হয়েছে প্রাণীটি।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সজারুটি একটি ক্ষেত পার হয়ে সুপারির বাগানের দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন সেটিকে দেখতে পেয়ে ধরার চেষ্টা করলে সজারুটি পাশের একটি পুকুরে নেমে পড়ে। পরে স্থানীয়রা বাঁশের তৈরি একটি খাঁচা ব্যবহার করে পুকুর থেকে সজারুটিকে আটক করেন এবং বন বিভাগকে খবর দেন।

খবর ছড়িয়ে পড়লে সজারুটিকে একনজরে দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ ভিড় করেন। লোকজনের উপস্থিতিতে এলাকাজুড়ে কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা শহিদুল্লাহ বলেন, সজারুটি দেখার খবর পেয়ে অনেক মানুষ জড়ো হয়। আমার বাড়ির পুকুর থেকেই শেষ পর্যন্ত এটিকে ধরা হয়। এরপর বন বিভাগকে জানানো হয়।আয়েশা সিদ্দীকা নামের এক শিশু বলেন, আমি আগে মোবাইল আর টিভিতে সজারু দেখেছি। আজ প্রথমবার সামনে থেকে দেখলাম। খুব ভালো লাগছে।

খলিল নামের এক ব্যক্তি বলেন, প্রায় ৪০-৫০ বছর আগে সজারু দেখেছিলাম। এতদিন পর আবার দেখলাম। এটা দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ আসছে।

পঞ্চগড় সদর বন বিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদিন ঢাকা পোস্টকে বলেন, সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সজারুটিকে উদ্ধার করি। প্রাথমিকভাবে নিরাপত্তার স্বার্থে তেঁতুলিয়া ইকো পার্কে রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর