গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানায় গত দুই দিনে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। হঠাৎ বিপুল সংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে একদিনের ছুটি ঘোষণা করেছেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শ্রমিকরা অসুস্থ হওয়া শুরু হয়। স্থানীয়রা জানায়, কারখানার পানি পান করার পরপরই শ্রমিকদের মধ্যে ডায়রিয়া, মাথাব্যথা, বমি ভাব ও পেটব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে থাকে। অসুস্থদের মধ্যে অন্তত ৫০ জনকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) ভর্তি করা হয়েছে। বাকিদের সফিপুরসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম জানান, যেসব শ্রমিক এখানে এসেছেন, তারা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত। অধিকাংশ শ্রমিক ডায়রিয়া আক্রান্ত হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।কারখানার শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার বলেন, সোমবার সন্ধ্যা থেকেই কারখানার পানি পান করে অনেক শ্রমিক অসুস্থ হতে থাকেন। মাথা ব্যথা, ডায়রিয়া হলেও কর্তৃপক্ষ প্রথমে কারখানা ছুটি দেয়নি। মঙ্গলবার সকালে কাজে ঢোকার পর আরও অনেকে অসুস্থ হয়ে পড়ে।তানহা হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক রহিমা আক্তার জানান, কারখানার পানি পানের পরই পেট ব্যথা শুরু হয়। পরে ডায়রিয়ায় আক্রান্ত হই।”হঠাৎ এত শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, এটি দূষিত পানি পানের কারণে সৃষ্ট খাদ্যে বিষক্রিয়া হতে পারে। তবে সঠিক কারণ জানতে পানির নমুনা পরীক্ষা করা প্রয়োজন বলে জানান তারা।
মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, ‘হঠাৎ শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে। যাদের প্রয়োজন, সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের চিকিৎসার ব্যয় কারখানা কর্তৃপক্ষ বহন করছে।’এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। কারখানার পানির উৎস, ট্যাংক ও পাইপলাইনে কোনো দূষণ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে বলে জানা গেছে।
[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

