পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত শুনানি শেষে স্পেশাল জজ সেন্ট্রাল শাহরুখ আরজুমন্দ এ রায় ঘোষণা করেন। এ সময় তাদের দেড় কোটির বেশি জরিমানা করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রায়ে বলা হয়েছে, পাকিস্তান দণ্ডবিধির ৩৪ ও ৪০৯ ধারায় উভয়কে ১০ বছর করে এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫ ধারায় অতিরিক্ত ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মোট ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানাও আরোপ করা হয়েছে।
রায়ে আদালত উল্লেখ করেন, সাজা নির্ধারণের ক্ষেত্রে ইমরান খানের বয়স এবং বুশরা বিবি একজন নারী—এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। এসব কারণে তুলনামূলকভাবে নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে। এছাড়া উভয় দণ্ডপ্রাপ্তকে ফৌজদারি কার্যবিধির ৩৮২-বি ধারার সুবিধাও দেওয়া হয়েছে।
[Disclaimer:You may visit the news source-www.amadershomoy.com]

