জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে দেশে ‘সব ধরনের স্বৈরশাসনের কবর রচিত হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল লিখেন, “আমরা বিশ্বাস করি, আজকের রায় শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয়, বরং এই দেশের মাটিতে সবধরনের স্বৈরশাসনের কবর রচনা।”তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ রায় ঘোষণা করে।একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দিনই অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা ভোগ করুক, শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে—আজকের রায় তা প্রমাণ করেছে।”তিনি আরও বলেন, দেশের সর্বক্ষেত্রে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে। এ লক্ষ্যে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আরও বলেন, “এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয়, তবে এটি ভবিষ্যতের জন্য একটি উদাহরণ। যাতে আর কেউ ফ্যাসিবাদী শাসন কায়েম করতে না পারে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা না হয়—আজকের রায় সেই শিক্ষাই দেয়।”তিনি আশা প্রকাশ করেন, বাকি মামলাগুলোতেও সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে।
[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

