রাজধানীর উত্তরায় বহুজাতিক কুরিয়ার সার্ভিস ফেডএক্স বুথের এক কর্মচারীর বিরুদ্ধে নারীদের ইভটিজিং ও পরবর্তীতে প্রতিবাদকারীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী রাম কৃষ্ণ রায় ও তার সহকর্মী হাসিম উদ্দিন রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৪ নম্বর সড়কে চা পান করতে গেলে ফেডএক্স বুথের কর্মচারী রায়হান ও তার সহযোগীরা তাদের ওপর লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে দুজনই আহত হন। পরে তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।রাম কৃষ্ণ রায় তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ঘটনার সূত্রপাত গত ২১ অক্টোবর। ওইদিন উত্তরা সোনারগাঁও জনপথের ৫ নম্বর ভবনের লিফটে জায়গা না থাকায় তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং তার কন্যা লিফটের সামনে অপেক্ষা করছিলেন। এসময় লিফটের ভেতরে থাকা ফেডএক্স কর্মচারী রায়হান তাদের উদ্দেশে অশোভন আচরণ ও অঙ্গভঙ্গি করেন। বিষয়টি ভবন কর্তৃপক্ষ ও ফেডএক্স বুথ ম্যানেজারকে জানানো হলেও অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগে আরও বলা হয়েছে, পরে ওই দুই নারী একই ভবনের লিফটে রায়হানকে দেখে অস্বস্তি বোধ করেন এবং তাকে নামতে বলেন। এ সময় রায়হান ক্ষিপ্ত হয়ে গালাগালি শুরু করেন।
ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজেও দেখা যায়, ফেডএক্স কর্মচারী রায়হান গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটে উঠে বেইজমেন্টে নামলেও লিফট থেকে নামেননি। লিফটে থাকা দুই নারী তাকে নামতে ইশারা করলেও তিনি থেকে যান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাম কৃষ্ণ এসে রায়হানকে লিফট থেকে নামিয়ে দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে রায়হান রাম কৃষ্ণকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।বিল্ডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘গত বৃহস্পতিবার আমরা ইভটিজিংয়ের অভিযোগ পাই, কিন্তু ফেডএক্স কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করেনি।’রবিবার দুপুরের ঘটনায় ফেডএক্সের হেড অফিস থেকে কয়েকজন কর্মকর্তা এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে ভুক্তভোগীরা আপস না করায় ফেডএক্সের পক্ষ থেকে ‘তিন হাজার কর্মচারী নিয়ে বিল্ডিং ঘেরাওয়ের’ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন দুজন প্রত্যক্ষদর্শী।এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় ৩৪ নম্বর সড়কে গিয়ে রায়হান ও তার সহযোগীরা রাম কৃষ্ণ ও হাসিমের ওপর হামলা চালান। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।বিষয়টি নিয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা অভিযোগ পেয়ে তদন্ত করছি। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতাও পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এই ঘটনায় ফেডএক্সের পক্ষ থেকে থানায় একটি অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান ওসি।
[Disclaimer: You may visit the news source-www.dhakatimes24.com]

