ইংরেজি নববর্ষ উদযাপনকালে মঙ্গলবার রাতে রাজধানীর কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া আতশবাজি ফোটাতে গিয়ে দুই শিশু দগ্ধও হয়েছে।রাজধানীর মিরপুরে ডাস্টবিনের ময়লায় ও ধানমন্ডিতে একটি দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। এর মধ্যে মিরপুরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নেভানো হয়। অন্যদিকে ধানমন্ডিতে আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মঙ্গলবার রাতে মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হলে খবর আসে আগুন নিভে যায়। অন্যদিকে রাত ১২টা ৫৩ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর ধানমন্ডি ল্যাবএইডের পেছনে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।এদিকে মঙ্গলবার দিবাগত রাতে বিধিনিষেধ থাকলেও শহরের চারদিকে রঙিন আতশবাজি, ফানুস আর উচ্ছ্বাস দেখা গেছে। আতশবাজি ও পটক ফোটাতে গিয়ে দুই শিশু দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, নববর্ষ উদযাপন করতে গিয়ে এখন পর্যন্ত দুই শিশু আগুনে পুড়ে বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে আট বছরের এক শিশুর ১৫ শতাংশ দগ্ধ। তাকে ভর্তি করা হয়েছে। এই চিকিৎসক জানান, আগুন লেগে আরেক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।
[Disclaimer: You may visit the news source-dailyamardesh.com]

