২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবিগুলোর মধ্যে কিছু ছবি যেমন বক্স অফিসে দাপট দেখিয়েছে, তেমনই কিছু ছবি বক্স অফিসের তোয়াক্কা না করে সরাসরি দর্শকমনে প্রভাব বিস্তার করেছে। নতুন বছরে ডায়রিতে বলিউডে একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। মুক্তির আগেই যে সিনেমাগুলো নিয়ে চলছে আলোচনা-সমালোচনা তা নিয়েই আজকের এই আয়োজন।
‘ইমার্জেন্সি’
বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রনৌতে প্রযোজিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ সিনেমার নাম ঘোষণার পর থেকেই বিতর্কের সূত্রপাত। এই ছবি শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে, এই মর্মে আদালতের দ্বারস্থ হয় শিরোমণি অকালি দল। সেন্সর বোর্ডের সঙ্গেও ছবির ছাড়পত্র নিয়ে সমস্যা দেখা দেয়। সব ঝামেলা কাটিয়ে অবশেষে স্থির হয় ১৭ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘সিকান্দার’
বলিউড ভাইজানের জীবনে বিপদ থাকলেও তিনি নিজের লক্ষ্যে অবিচল। বলে দিয়েছেন, শুধু আমার ঘুরে দাঁড়ানোর অপক্ষা। ‘সিকান্দার’ হয়ে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই তা ভাইরাল। এআর মুরুগাদস পরিচালিত এই ছবিতে ভাইজানের সঙ্গে রোম্যান্স করবেন রশমিকা মন্দানা। ‘সিকান্দার’ মুক্তি পাবে মার্চ মাসে ঈদে।
‘লাহোর ১৯৪৭’
‘গদর ২’-এর সাফল্যের পর সানি দেওলকে নিয়ে বলিউডে নতুন করে ভাবতে শুরু করেছে। তার ফল এই ছবি। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। সানির বিপরীতে রয়েছেন প্রীতি জিনতা। আমির খান প্রযোজিত ছবিটির পরিচালক রাজকুমার সন্তোষী। বক্স অফিসে ছবিটি একাধিক নজির গড়তে পারে বলেই মনে করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ।
‘রেড ২’
ছয় বছর পর আসছে সিক্যুয়েল। অফিসার অময় পট্টনায়েকের চরিত্রে অজয় দেবগন। আগের পর্বে সৌরভ শুক্লের সঙ্গে অজয় দেবগনের দ্বৈরথ দর্শকের পছন্দ হয়েছিল। কালো টাকা এবং লখনউয়ের প্রেক্ষাপটে তৈরি ছবি শেষ পর্যন্ত দর্শককে আসন ছাড়তে দেয়নি। যার সুফল মিলেছিল বক্স অফিসে। পরিচালক রাজকুমার গুপ্ত এ বারে অজয়ের বিপরীতে রেখেছেন রীতেশ দেশমুখকে। ছবিটি মুক্তি পাবে ১ মে।
‘হাউসফুল ৫’
প্রত্যেক বছরের মতো চলতি বছরেও অক্ষয় কুমারের একাধিক ছবি মুক্তি পাওয়ার কথা। তবে তার মধ্যে ‘হাউসফুল ৫’ নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে। পঞ্চম পর্বে সবচেয়ে বড় আকারে ছবিটিকে ভেবেছেন প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা। অক্ষয়ের কমেডিতে সঙ্গত করবেন একঝাঁক তারকা। রয়েছেন অভিষেক বচ্চন, ফরদিন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নারগিস ফকরি প্রমুখ। তরুণ মনসুখানি পরিচালিত ছবিটি ৬ জুন মুক্তি পাওয়ার কথা।
‘ওয়ার ২’
২০১৯ সালে ‘ওয়ার’-এ কবীর চরিত্রটি হৃতিক রোশনকে অ্যাকশন হিরো হিসেবে নতুনভাবে প্রতিষ্ঠা দেয়। নায়কের কাঁচাপাকা চুল, সুঠাম দেহ অনুরাগীদের মন জয় করে নেয়। সেই ছবির দ্বিতীয় পর্ব আসছে স্বাধীনতা দিবসে। এবার খল চরিত্রে জুনিয়র এনটি আর ছবির অন্যতম চমক হতে চলেছেন। তবে সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে অয়ন মুখোপাধ্যায় পরিচালকের আসনে প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না, সেটাই দেখার।
‘আলফা’
যশরাজ ফিল্মসের গুপ্তচর ব্রহ্মাণ্ডে এই প্রথম কেন্দ্রে মহিলা চরিত্র। থাকছেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াগ। খল চরিত্রে ববি দেওল ছবির অন্যতম আকর্ষণ। ছবির শুটিং শুরু হয়েছে গোপনে। ছবিটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।
[Disclaimer-You may visit the news source-samakal.com]

