Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeশিক্ষাঅধিভুক্ত সাত কলেজ নিয়ে সরকারের সঙ্গে বসবে ঢাবি প্রশাসন

অধিভুক্ত সাত কলেজ নিয়ে সরকারের সঙ্গে বসবে ঢাবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অধিভুক্ত সাত কলেজ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে অবগত নয়। এ বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সরকারের সঙ্গে জরুরি বৈঠক বসবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন এসব তথ্য জানায়। এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ নিয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠককে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ‘সরকারি সাত কলেজ দেখভালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি প্রশাসনিক ব্যবস্থা থাকবে, যেখানে আলাদা রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তা-কর্মচারী থাকবেন। তবে এ কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকবে।’

সিদ্ধান্ত সম্পর্কে ঢাবি কর্তৃপক্ষ অবগত নয় উল্লেখ করে বলা হয়, প্রকৃতপক্ষে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে উপদেষ্টা পরিষদের এ সিদ্ধান্তের বিষয়ে ঢাবি কর্তৃপক্ষ জেনেছে। এ প্রস্তাব নিয়ে ঢাবি কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয়ের ইতোপূর্বে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সরকারের উচ্চ মহলে আলাপ করেছে। সরকারও বিষয়টির জনগুরুত্ব বিবেচনা করে আন্তরিকতার সঙ্গে সাড়া দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীসহ প্রধান অংশীজন নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে (সম্ভাব্য তারিখ আগামীকাল রোববার) এ বিষয়ে জরুরি বৈঠক আয়োজনের ব্যাপারে সরকার সম্মত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। ঢাবি কর্তৃপক্ষ মনে করে, সরকারি সাত কলেজ, ঢাবি শিক্ষার্থীসহ গুরুত্বপূর্ণ অংশীজন নিয়ে এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। আলোচনার মাধ্যমেই এ বিষয়ে টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব।এদিকে সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তিন দিন, অর্থাৎ ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি না মানলে তারা ভবনগুলোতে তালা লাগিয়ে অসহযোগ আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অচলের হুঁশিয়ারি দিয়েছেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে (ভিসি চত্বর) ‘মেয়েদের হল নির্মাণ এবং সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ’ শীর্ষক কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

[Disclaimer: You may visit the news source-samakal.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর