এই মুহূর্তে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে মুম্বাইয়ে রয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সিনেমাটির একটি দৃশ্য করতে গিয়ে আহত হয়েছেন এই নায়ক। এমনটা নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান।জানা গেছে, ফ্লোরের একটি দরজায় প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের। এতে তার চোখের ঠিক ওপরে আঘাত লেগেছে। নির্মাতা জানালেন, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়।পরিচালক বলেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল—দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।’প্রাথমিক ট্রিটমেন্টের পরেই আবার শাকিব খান ফ্লোরে ফিরেছেন বলে জানা যায়। গতকাল সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেন তিনি। বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ‘প্রিয়তমা’ ছবির আলোচিত নায়িকা ইধিকা পাল। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের এই সিনেমা আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
[Disclaimer: You may visit the news source-www.deshrupantor.com]

