Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeঅন্যান্যখরচ কমিয়ে হজের দুটি প্যাকেজ ঘোষণা

খরচ কমিয়ে হজের দুটি প্যাকেজ ঘোষণা

খরচ কমিয়ে ২০২৫ সালের জন্য হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ‌একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আরেকটিতে খরচ পড়বে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা জানান, পবিত্র কাবা শরিফের এক-দেড় কিলোমিটারের মধ্যে যারা থাকবেন, তাদের জন্য প্যাকেজ-২ প্রযোজ্য। অন্যদিকে প্যাকেজ-১ রাখা হয়েছে কাবা শরিফের তিন কিলোমিটার দূরত্বে যারা থাকবেন তাদের জন্য। দুটি প্যাকেজেই গতবারের চেয়ে খরচ কমেছে। গতবার সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৭ হাজার ৩৮৭ টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। এবার বিশেষ প্যাকেজ থাকছে না।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সাধারণ হজ প্যাকেজ-১-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, যা গতবারের চেয়ে ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কম।’

প্যাকেজ-১-এ যারা যাবেন তাদের মক্কায় হারাম শরিফের বহির্চত্বর থেকে তিন কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। হারাম শরিফ যাতায়াতে বাসের ব্যবস্থা থাকবে। একইভাবে মদিনায় মসজিদে নববি থেকে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে।

মিনায় গ্রিন জোনে (জোন-৫) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সুবিধা দেয়া হবে। মক্কার হোটেল/বাড়ি থেকে বাসে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনায় ট্রেনে যাতায়াতের ব্যবস্থা করা হবে। মিনা ও আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন করা হবে।

মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ছয়জনের আবাসনের ব্যবস্থা করা হবে। বাড়ি/হোটেল কক্ষ/ফ্লোরে রেফ্রিজারেটরের ব্যবস্থা করা হবে। মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান, প্রতি ৪৬ হজযাত্রীর জন্য একজন গাইড, প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কোরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে।

প্যাকেজ-২-এ যারা যাবেন তাদের মক্কায় হারাম শরিফের বহির্চত্বর থেকে দেড় কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। হারাম শরিফ যাতায়াতে বাসের ব্যবস্থা থাকবে। একইভাবে মদিনায় মার্কাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে।

মিনায় ইয়েলো জোনে (জোন-২) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় আপগ্রেডেড ‘ডি’ ক্যাটাগরির সুবিধা, মক্কার হোটেল/বাড়ি থেকে বাসে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনায় ট্রেনে যাতায়াতের ব্যবস্থা করা হবে। মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ছয়জনের আবাসন, বাড়ি/হোটেল কক্ষ/ফ্লোরে রেফ্রিজারেটরের ব্যবস্থা, মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা এবং ৪৬ হজযাত্রীর জন্য একজন গাইডের ব্যবস্থা করা হবে। প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কোরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে।

অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ অনুযায়ী হজযাত্রীদের জন্য মক্কায় হারাম শরিফের বহির্চত্বর থেকে দেড় কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে।

[ Disclaimer: You may visit the news source:- https://bonikbarta.com/]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর