Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeশিক্ষাসাত কলেজকে ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়’ ঘোষণার সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

সাত কলেজকে ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়’ ঘোষণার সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

সাত কলেজকে ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়’ ঘোষণার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার বেলা ৩টায় ঢাকা কলেজের মূল ফটকে সংবাদ সম্মেলনে সাত কলেজ সংস্কার আন্দোলনের অন্যতম প্রতিনিধি আব্দুর রহমান এ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলন কর্মসূচি স্থগিতের পরে রাজধানীর সাইন্স ল্যাব ও নীলক্ষেত মোড়ে বিভিন্ন রাস্তার যান চলাচল স্বাভাবিক হতে থাকে। এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ১২টায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি সায়েন্স ল্যাবে যাওয়ার পর সেখানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর আড়াইটার দিকে নিউমার্কেট থানা পুলিশের অনুরোধে সায়েন্সল্যাব মোড় ছেড়ে ঢাকা কলেজের মূল ফটকে জড়ো হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে আব্দুর রহমান বলেন, সাত কলেজ নিয়ে একমাত্র সমাধান স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। ঢাকা উত্তর ও দক্ষিণের সাত কলেজের ক্যাম্পাসের সমন্বয়ে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ঘোষণা দিলে সব শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে যাবে। 

‘ঢাকায় আর কোনো বিশ্ববিদ্যালয় করা সম্ভব না’- শিক্ষা সচিবের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা কর্তৃপক্ষকে বলছি, দাবি মেনে না নিলে আমাদের পক্ষ থেকে ঢাকা শহরের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব না। ঢাকা শহরকে সুষ্ঠু রাখতে একমাত্র সমাধান স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ঘোষণা করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা কর্তৃপক্ষকে শনিবার পর্যন্ত সময় দিচ্ছি। 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বৃহস্পতিবার সাত কলেজের প্রতিটি ক্যাম্পাসে গণসংযোগ করা হবে। বৃহস্পতিবার গণসংযোগ শেষে শনিবার পর্যন্ত অপেক্ষা করার পরে যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আবারও ঢাকা কলেজে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। পরবর্তী কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। 
 

[Disclaimer: You may visit the news source-samakal.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর