ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে শুটিংয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। শ্যুটিংয়ের সময় ধারণকৃত কিছু ছবি পোস্ট করে নির্মাতা লেখেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’ (তানিয়া বৃষ্টি, তোমাকে আবারও স্বাগত)।
তানিয়া বৃষ্টির নাটকের কাজ শেষ করেছেন বলেও জানান তিনি। এ নাটকে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ, পংকজ মজুমদারসহ আরও অনেকে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

