Beta Ver. 0.04
Wednesday, November 4, 2026
Homeজাতীয়তারেক রহমান-শি জিনপিংয়ের সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী

তারেক রহমান-শি জিনপিংয়ের সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

তিন দিনের এই দ্বিপক্ষীয় সফরে বিএনপি ও সরকারের সঙ্গে রাজনৈতিক পরিসরে চীনের যোগাযোগ জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এদিন রাত সোয়া ১১টার দিকে তিনি ঢাকায় পৌঁছান বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন।

এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল হাসান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব থাকার সময়ে গত এপ্রিলে চীন সফরে গিয়ে লিউ হাইশিংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

সিপিসি নেতা হিসাবে লিউ হাইশিংয়ের এই সফরে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততাই বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক সংলাপ, বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে লিউ হাইসিংয়ের সাক্ষাতের কথা রয়েছে। একই দিন দুপুরে রাজধানীর একটি হোটেলে চীন-বাংলাদেশ রাজনৈতিক সহযোগিতা নিয়ে একটি গোলটেবিল বৈঠকে বক্তৃতা দেবেন তিনি। একই অনুষ্ঠানে বাংলাদেশ–চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের উদ্বোধন করবেন। দিনের শুরুতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল পরিদর্শন করে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচিও রয়েছে তার।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দেশটি থেকে ঢাকায় আসা প্রথম জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা লিউ হাইসিং। ওই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতা বাড়ানোর সমঝোতা স্মারকও ছিল। ফলে এবারের সফরে ওই সমঝোতার বাস্তবায়ন, দুই দলের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং রাজনৈতিক পর্যায়ে সহযোগিতার কাঠামো গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে পিতার স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শনের পাশাপাশি বৃহস্পতিবার সকালে ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একটি জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন লিউ হাইশিং।

এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি।

সফর শেষে বৃহস্পতিবারই দুপুরেই ঢাকা ছাড়বেন লিউ হাইশিং।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর