Beta Ver. 0.04
Monday, September 14, 2026
Homeআন্তর্জাতিকভারতীয় বিমানবাহিনীর সুখোই–৩০ বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

ভারতীয় বিমানবাহিনীর সুখোই–৩০ বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

আসামের কারবি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি সুখোই (Su-30MKI) যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গকর।

বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি রাডারের বাইরে চলে যায়। প্রতিরক্ষা কর্মকর্তাদের তথ্যমতে, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। যোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কারবি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, দুর্ঘটনায় দুই কর্মকর্তা মারাত্মকভাবে আহত হয়ে প্রাণ হারিয়েছেন। বিমানবাহিনী এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কারবি আংলংয়ের নিলিপ ব্লকের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা একটি বিমানকে নিচের দিকে নেমে আসতে দেখেন এবং এর পরপরই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনার পর পরই পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শুরু করে।

উল্লেখ্য, Su-30MKI একটি দ্বি-আসন বিশিষ্ট বহুমুখী যুদ্ধবিমান, যা রাশিয়ার সুখোই কোম্পানির নকশায় ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) তৈরি করে। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে ২৬০টিরও বেশি সুখোই বিমান রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মহারাষ্ট্রের নাসিক (জুন ২০২৪) এবং গোয়ালিয়র (জানুয়ারি ২০২৩) বিমানঘাঁটি থেকেও উড্ডয়নের পর এই মডেলের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর