Beta Ver. 0.04
Monday, June 15, 2026
Homeখেলাহাসিনা ও মুস্তাফিজকে নিয়ে ভারতের ‘ভিন্ন অবস্থানে’ অবাক রশিদ

হাসিনা ও মুস্তাফিজকে নিয়ে ভারতের ‘ভিন্ন অবস্থানে’ অবাক রশিদ

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে, এমন দাবিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছে ভারতের কট্টরপন্থি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতা ও ধর্মীয় গুরুরা। তাদের বিরোধিতার মুখে চাপে পড়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। তিনবারের চ্যাম্পিয়নরা তা মেনে নিয়ে তাকে ছেড়ে দেয়। অথচ ভারত গত বছরের সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। দুজনকে নিয়ে ভারতের ভিন্ন অবস্থানে অবাক পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ। 

গত বছরের আগস্টে সরকারবিরোধী বিক্ষোভে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের চরম অবনতি ঘটে। আন্দোলনে শিক্ষার্থীদের নিহতের ঘটনায় একটি ট্রাইব্যুনাল তার তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এদিকে সম্প্রতি বাংলাদেশে দুটি ভিন্ন ঘটনায় সংখ্যালঘু হিন্দু নির্যাতনের শিকার হলে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানায়। তারই জেরে আগামী মার্চে অনুষ্ঠিত আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দেওয়ার দাবি তোলে। বাংলাদেশের খেলোয়াড়কে মাঠে নামানো হলে ভাঙচুর চালানোর হুমকি দেয় তারা। গত মাসে নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার কারণে তোপের মুখে পড়েন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তাকে দেশদ্রোহী হিসেবে আখ্যা দেওয়া হয়। তাদের প্রতিবাদের মুখে বিসিসিআই বাঁহাতি পেসারকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। অথচ শেখ হাসিনা ভারতে নিরাপদেই আছেন। তাকে ও মুস্তাফিজকে নিয়ে ভারতের এমন দ্বিচারিতায় অবাক রশিদ।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার এক্স-এ লিখেছেন, ‘বিসিসিআইর নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অবাক করা ব্যাপার হলো যে ভারত হাসিনা ওয়াজিদকে (শেখ হাসিনা) আশ্রয় দিতে পারে, কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দিতে পারে না। বাংলাদেশ হয়তো ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চাইবে না কারণ খেলোয়াড়রা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজিদ এখনো ভারতে নির্বাসিত আছেন।’মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারার কারণে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে পাঠাতে দ্বিতীয়বার ভাবছে সরকার। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসির সঙ্গে বিসিবিকে যোগাযোগ করতে বলেছেন। 

[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর