ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডটি চাঞ্চল্যকর হওয়ায় প্রধান আসামি দেশত্যাগ করলে তদন্ত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রধান আসামির বিদেশ গমন রোধ করা আবশ্যক। আদালত শুনানি শেষে ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ দেন।মামলার নথিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদির মাথায় গুলি চালায়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।
হাদির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয় শুক্রবার। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়।
[Disclaimer:You may visit the news source-www.bd-pratidin.com]

