গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালদের নামে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে তৎকালীন আওয়ামী সরকারের এই তিন শীর্ষ ব্যক্তিসহ মোট ৫৭ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন নিহতের মা সুফিয়া বেগম।
রবিবার মামলাটি দায়ের হয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে। আদালত বাদী সুফিয়া বেগমের জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
সোমবার আদালত সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বিশ্বাস ও সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরা থানাধীন সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন মো. সোহান শাহ (৩০)। এরপর গত ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
[ Disclaimer: You may visit the news source-https://www.dhakatimes24.com/]

